অরিজিনাল সিরিজ মিসেস দেশপান্ডে-র টিজার প্রকাশের পর থেকেই নতুন করে চর্চায় বলিউডের চিরচেনা তারকা মাধুরী দীক্ষিত। টিজারের মাত্র ২০ সেকেন্ডেই দর্শকদের সামনে স্পষ্ট হয়েছে যে এই সিরিজে অভিনেত্রীকে দেখা যাবে এমন এক রূপে, যা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিরল।
টিজার ঘিরে উত্তেজনা বাড়ছে :
টিজারে মাধুরীর গয়না ও মেকআপ খুলে ফেলার দৃশ্যটি একটি সাধারণ চরিত্রের ভাবনায় নিয়ে গেলেও পরের মুহূর্তেই পালটে যায় সবকিছু। কারাগারের পোশাক, রহস্যময় হাসি আর ঠান্ডা দৃষ্টি-স্পষ্ট ইঙ্গিত, তিনি এক ভয়ংকর সিরিয়াল কিলার।
প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা জানিয়েছে, “এত অন্ধকার রূপে মাধুরীকে আগে কখনো দেখা যায়নি।”
ইনস্টাগ্রামের রহস্যময় পোস্টে জল্পনা আরও বেড়েছিল :
সকালে মাধুরীর দেওয়া সেই গানের লিরিক-নির্ভর রহস্যময় পোস্টটি নিয়ে দিনভর কৌতূহল ছিল। পরে টিজার প্রকাশের পর পরিষ্কার হয়, সবই ছিল নতুন সিরিজের প্রোমো স্ট্র্যাটেজির অংশ।
শুটিং সেটে নতুন অভিজ্ঞতা :
শুটিং-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চরিত্রের মনস্তত্ত্ব ধরতে মাধুরী বেশ কিছু সময় ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছেন। মেথড অ্যাকটিংয়ের কিছু অংশও চেষ্টা করেছেন তিনি। পরিচালক নাগেশ কুকুনুর নাকি তাঁকে বলেছেন, “এবার তোমার সবচেয়ে বিপজ্জনক দিকটাকে বের করতে হবে।”
এই বছরের শেষেই সম্ভবত মুক্তি :
যদিও প্ল্যাটফর্ম বা মুক্তির দিন এখনো ঘোষণা হয়নি, শিল্পের ভেতরের অনেকে বলছেন, সিরিজটি এই বছরের শেষ ভাগেই মুক্তি পেতে পারে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম প্রকাশ না হলেও এটি নাকি একটি বড় আন্তর্জাতিক ওটিটির জন্য তৈরি।
ভক্তদের প্রত্যাশা তুঙ্গে :
মাধুরীর শেষ ছবি ভুল ভুলাইয়া থ্রি-তে তাঁর উপস্থিতি ছিল সংক্ষিপ্ত। ফলে ভক্তদের অনেকেই আশা করছেন, এই সিরিজেই তাঁকে পুরোপুরি ভিন্ন মাত্রায় দেখা যাবে।
সম্প্রতি কানাডার কনসার্ট ঘিরে সমালোচনার মুখে পড়লেও নতুন সিরিজের টিজার প্রকাশের পর অনেকে মন্তব্য করেছেন, “সব সমালোচনার জবাব তিনি অনস্ক্রিনেই দিচ্ছেন।”





