প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কায়ছার রশীদ চৌধুরী। গত ২৩ ফেব্রুয়ারি সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত কায়ছার রশীদ চৌধুরী দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করা এই কর্মকর্তা বর্তমানে তার কোর্সের প্রথম অবস্থানে রয়েছেন বলে সহকর্মীরা জানিয়েছেন। সামরিক প্রশিক্ষণে তিনি বিভিন্ন দেশি-বিদেশি কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার স্টাফ কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে কাজ করার সময় তার অবদানে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য নতুন সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখেন এবং জাতিসংঘের সামরিক উপদেষ্টার আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
অনেকে মনে করছেন, দীর্ঘ পেশাগত দক্ষতা ও পেশাদারিত্বের কারণেই তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।





