ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। তারা ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। তারা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কোনো অপরাধ ছাড়াই পুলিশ হামলা চালায়। তারা প্রশ্ন তোলেন, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে মারধর করার অধিকার পুলিশকে কে দিয়েছে। তারা দ্রুত ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।