পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় মঞ্চে গান গাইতে আসছেন। ডিসেম্বর মাসে তিনি পরপর দুটি কনসার্টে পারফর্ম করবেন। একটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’, আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের প্ল্যাটফর্ম।
‘মেইন স্টেজ’ আগামী ১৩ ডিসেম্বর আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী ‘ঢাকা এরিনা’-তে কনসার্টটি অনুষ্ঠিত হবে। গেট দুপুর ১টা থেকে খুলে যাবে, কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
ফেসবুকে আয়োজকরা লিখেছেন, “ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো। অ্যালার্ম সেট করুন, দল জড়ো করুন—এটি বছরের সেরা শো হতে যাচ্ছে।”
মুখপাত্র রিসালাত জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে কাজ চলছে। কনসার্টের টিকেট ‘চলোঘুরি ডট কম’ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দুটি ক্যাটাগরিতে—‘জেনারেল’ এবং ‘ফ্রন্ট ভিআইপি’—টিকেট বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে ‘স্পিরিটস অব জুলাই’ এবার আয়োজন করছে চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। গত বছর গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা দিতে তারা প্রথম কনসার্ট আয়োজন করেছিল। আয়োজক জাফর আলী জানান, এবারও আয়োজিত কনসার্টের আয়ের পুরো অর্থ যাবে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে”, যা শহীদ ও আহতদের পুনর্বাসন কার্যক্রমে ব্যয় হবে।
এই চ্যারিটি কনসার্টে আতিফ আসলামের পারফরম্যান্স থাকছে। কনসার্ট ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে হবে। ভেন্যু ও বিস্তারিত শিগগিরই জানানো হবে। কনসার্টে লোকসংগীত, কাওয়ালি, দেশি ও বিদেশি ব্যান্ডের পরিবেশনা ছাড়াও থাকবে আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটক ও শিল্প-সাংস্কৃতিক প্রদর্শনী।
আতিফ আসলাম ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর সঙ্গে সংগীত ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বাংলা ও পশতু ভাষায় গান করেছেন এবং কিছু পাকিস্তানি ছবিতেও অভিনয় করেছেন।





