দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তিনি ঢাকায় পৌঁছাবেন।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলে এলাহী আকবর বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন।” তিনি আরও জানান, নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় বিএনপি সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহযোগিতা আশা করছে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফিরে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতেই উঠবেন তারেক রহমান। বাসাটিতে চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ। বাইরে দেওয়া হয়েছে নতুন রং, প্রাচীরে কাঁটাতারের বেড়া, আর ভেতরে স্থাপন করা হচ্ছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম।

গুলশান ২–এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কার ও নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি। ওই অফিস থেকেই দায়িত্ব পালন করবেন তারেক রহমান।

ফজলে এলাহী জানান, চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে তিনি ওমরাহ পালন করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দিয়েছে। অস্ত্রের লাইসেন্সও দ্রুত মিলবে বলে আশা প্রকাশ করেছেন ফজলে এলাহী।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের পর ২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে যাচ্ছেন।