চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


বুধবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৩২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকি ২৩৬ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩২৪ জন। আক্রান্তদের মধ্যে ৫৮.৯ শতাংশ পুরুষ এবং ৪১.১ শতাংশ নারী।