সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪৪ জন ডেঙ্গু রোগী। বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, বরিশালে ১২৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৬৮ জন, ঢাকা দক্ষিণে ৮১ জন, উত্তর সিটিতে ৪০ জন, খুলনায় ৩৩ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৬২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬ জন।
২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু ছিল আরও ভয়াবহ—মোট মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জোরদার করার তাগিদ দিয়েছেন।





