দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৫৭ হাজার ১৫ জন। তাঁদের মধ্যে ৫৪ হাজার ১১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ জনের।