গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন রয়েছেন।

হাসপাতালে ভর্তি পরিস্থিতি : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের যেসব এলাকায় রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন: বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১৩১ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৯২ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে): ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৭ জন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে): ৬ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে): ৩৪ জন, রংপুর (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন, সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ৪ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩৬ হাজার ৫২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ বছরের মোট পরিস্থিতি: মোট মৃত্যু: ১৫৫ জন, মোট আক্রান্ত: ৩৮ হাজার ৫২৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরি।