মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে ১০৮ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনায় ৬৬ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহীতে ৮৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে ৯৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ৫৭০ জন।
এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৭১২ জন। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পুরো বছরে রোগী ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।





