দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন।


বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু এবং ২৭ হাজার ৭৮২ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্ত রোগীর সংখ্যা হলো— বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ২১ জন।


চলতি বছরের মাসভিত্তিক হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা: জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন এবং জুলাইয়ে ১০,৬৮৪ জন। মৃত্যুর সংখ্যা যথাক্রমে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ ও জুলাইয়ে ৪১ জন।


আগস্ট মাসে এ পর্যন্ত ৬,৮০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন।