ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে।


সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবর মাসে, মোট ৮০ জন। তবে নভেম্বর মাসে সেই সংখ্যা ছাড়িয়ে ইতোমধ্যে মারা গেছেন ৯৯ জন।


২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়ানক বছর। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।