গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন।


মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।


এছাড়া, ঢাকা বিভাগে ১৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১০ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে।