দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আরও ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। তবে একই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৫১ জনের মধ্যে
বরিশাল বিভাগে ১২৯ জন,
চট্টগ্রাম বিভাগে ৯৮ জন,
ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন,
ঢাকা উত্তর সিটিতে ১২০ জন,
ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন,
খুলনা বিভাগে ১৩ জন,
ময়মনসিংহ বিভাগে ২৯ জন,
রাজশাহী বিভাগে ২২ জন
এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে একই সময়ে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৭ হাজার ৪৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ২৭৮ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল—যা ছিল দেশে এক বছরের মধ্যে ডেঙ্গুজনিত সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের রেকর্ড।





