সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৪১ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।


শনিবার (২৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ৪০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং দক্ষিণ সিটিতে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এই সময়ে সারাদেশে ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৮ হাজার ৩৮০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৪ জনে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৪১ জনের।


সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে রোগটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।