ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধী দলের অন্তর্ভুক্তি হয়নি। সরকারি দলের পক্ষ থেকে জামায়াতের একজন সদস্যকে এই পদে নেওয়ার আহ্বান জানিয়েও, প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হন সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে। জানা গেছে, বিরোধী দল থেকে কেউ প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করেননি।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়।
\r\n\r\n
এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না, কারণ সরকার জুলাই সনদ বাস্তবায়নসহ অন্যান্য বিষয় নিয়ে গরিমসি করছে। বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই সনদে বলা আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটি চাই না; পুরো প্যাকেজ বাস্তবায়ন হতে হবে, তার ভিত্তিতেই আমরা আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারব।’





