মধ্যপ্রাচ্যে ড্রোন দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভূঁইয়ার মরদেহ অবশেষে দেশে ফিরেছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন দক্ষিণপাড়া গ্রামে তার নিজ বাড়িতে লাশ পৌঁছালে শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
লাশবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের কান্নায় পরিবেশ হৃদয়বিদারক হয়ে ওঠে। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা কফিন জড়িয়ে ধরে বিলাপ করতে থাকেন। এ সময় প্রতিবেশী ও এলাকাবাসীরাও ছুটে এসে শেষবারের মতো তাকে দেখেন এবং অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
পরিবারের সদস্যরা জানান, শাহ আলমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে তিনি পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। পরে ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ ফুজাইরাহর আল-রিফাআ এলাকার একটি কৃষি খামারের ওপর পড়ে। এতে খামারে কর্মরত শাহ আলম ভূঁইয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত শাহ আলম ভূঁইয়া (৪৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার মেজো ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ, যার ওপর পুরো পরিবার নির্ভরশীল ছিল।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মৃত্যুর আট দিন পর তার মরদেহ দেশে ফিরেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিকেলে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শেষ বিদায়ে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।





