বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের আসরে প্রথমবারের মতো দল মালিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার মালিকানাধীন দল ‘ঢাকা ক্যাপিটালস’ শিরোপা না জিতলেও ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে এক নতুন উত্তেজনা তৈরি করেছিল। বিশেষ করে মাঠে শাকিবের উপস্থিতি গ্যালারিতে এনে দিয়েছিল ভিন্ন রকম উদ্দীপনা। প্রথম মৌসুমে নতুন অভিজ্ঞতা নেওয়ার পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী আসরে তার দল আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক রূপে ফিরবে। প্রতিশ্রুতির সেই ধারাবাহিকতায় আবারও ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন তিনি। আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন শাকিব খান ও তার প্রতিষ্ঠান ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’। যদিও এ বিষয়ে শাকিব খানের আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি, বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলতি আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে-ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গেলবারের দুটি দল খুলনা ও বরিশাল এবার অংশ নিচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নিম্নরূপ : ঢাকা: চ্যাম্পিয়ন স্পোর্টস রংপুর: টগি স্পোর্টস চট্টগ্রাম: ট্রায়াঙ্গেল সার্ভিসেস রাজশাহী: নাবিল গ্রুপ সিলেট: ক্রিকেট উইথ সামি আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিপিএলের নতুন আসরে শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’কে ঘিরে তাই আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।\r\n
\r\n
সংবাদ লোড হচ্ছে...





