মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সবসময়ই লেগে থাকে সবার ভিড়। দেশের বিভিন্ন জায়গার ক্রিকেটকর্তারা সব সময়ই থাকেন মিরপুরমুখী। সেই ধারা থেকে বেরিয়ে আসতে চায় বিসিবি। ক্রিকেটকে বিকেন্দ্রিকরণ করার উদ্যোগ নিয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠন ও বিসিবি অফিস করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ শনিবার বিসিবির বোর্ড সভা শেষে এসব জানান ইফতেখার রহমান মিঠু। আঞ্চলিক ক্রিকেট কাঠামোতে দুই পরিচালককে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা হলেন- সাইফুল আলম স্বপন চৌধুরী ও সালাউদ্দিন চৌধুরী। রাজশাহীতে উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন সাইফুল আলম স্বপন চৌধুরী ও চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন চৌধুরী।
বেশ লম্বা সময় ধরে আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে হচ্ছে আলোচনা। তবে কখনই এটা আলোর মুখ দেখেনি। ফলে অভিজ্ঞতা না থাকায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এই দুই বিভাগে কাজ শুরু করবে বিসিবি। পাশাপাশি সেখানেও রাখা হবে বিসিবি অফিস।
আঞ্চলিক ক্রিকেট সংস্থার অধীনে স্থানীয় পর্যায়ের ক্রিকেট থেকে সবকিছু নিয়ন্ত্রিত হবে বলেও জানান ইফতেখার মিঠুম সেক্ষেত্রে ঢাকা অফিস থেকে শুধুমাত্র জাতীয় পর্যায়ের খেলাগুলো নিয়ন্ত্রণ হবে।





