আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে মাঠে নামবেন বিজিবির ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
ঢাকা সেক্টরের আওতাধীন ৫ ব্যাটালিয়নের এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুই আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনকালীন দায়িত্বে বডি-ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জামের ব্যবহার করা হবে। পরিস্থিতি মনিটর করতে ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, ভোটকেন্দ্রে প্রবেশে এবার কোনো বাধা নেই। প্রিজাইডিং অফিসারের সহায়তা চাইলে বা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।





