ঢাকা-৪ আসনের নির্বাচনি গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের এক নারী নেত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। জামায়াতে ইসলামীর দাবি, এই হামলার দায় স্থানীয় যুবদল নেতাকর্মীদের।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, ঢাকা-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ চলাকালীন যুবদলের কয়েকজন হামলা চালায়।
হামলায় রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মাথায় চারটি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই এবং স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল ব্যক্তি জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে। তারা গণসংযোগে বাধা দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে হামলার ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে…





