ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লন্ডন থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুবাইদা রহমান লন্ডন-ঢাকা রুটের বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে এসে পৌঁছেছেন।
এর আগে, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জুবাইদার ঢাকায় ফেরার বিষয়টি উল্লেখ করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বড় কোনো উন্নতি হয়নি বলে জানা গেছে। চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে রোববার তাকে লন্ডনে নেওয়া হতে পারে। তার শারীরিক অবস্থা নিয়ে দলে ও জনমনে উদ্বেগ বাড়ছে।





