ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা–১৭-এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। পরে তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম সমন্বয়ের জন্য আবদুর রহমান সানীকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।





