আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আজিমপুরের অজেয় চারের আর্মি ক্যাম্প থেকে যৌথ টহল পরিচালিত হয়। এ টহলের মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করা।
কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় সম্ভাব্য হুমকি মূল্যায়ন, সার্বিক পর্যবেক্ষণ এবং করণীয় নির্ধারণের জন্য বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয় জনগণকে নির্বাচনে নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আশ্বস্ত করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত ও সতর্ক।





