আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সকাল ১১টা ৫১ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ ঘোষণা দেন এবং সমর্থন কামনা করেন। পোস্টে একটি ভিডিওও সংযুক্ত করা হয়েছে।
\r\nঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকার ভোটার অন্তর্ভুক্ত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়াবেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।
\r\nআসিফ মাহমুদ ভুঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত বুধবার বিকেল ৫টার দিকে তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগপত্র গ্রহণের পর জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
\r\nগত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও অনুষ্ঠিত হবে।
\r\nজুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
\r\nএর আগে ৯ নভেম্বর আসিফ মাহমুদ ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হয়েছেন। এরপর থেকেই আলোচনা চলছিল যে তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন। শুক্রবার তিনি ফেসবুকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
\r\nঅন্যদিকে মাহফুজ আলমও আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তাঁর ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানিয়েছেন, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি; স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে।





