ঢাকা-১০ আসনের প্রার্থী ও জামায়তে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে রোববার নির্বাচনি নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।


জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান, সোবহান বাগ মসজিদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত মিছিলে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন।


মিছিল পরবর্তী সমাবেশে মো. জসীম উদ্দীন সরকার বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব হবে। সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের প্রতিবাদ।”


তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না। জনগণ বিশ্বাস করে, জামায়াতের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে দেশ এক কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।”


অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার আশঙ্কা প্রকাশ করেন, অতীতে যারা জুলুম, দুর্নীতি ও সন্ত্রাস চালিয়েছে তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করতে পারে এবং নারীর ওপর হামলার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করবে। তবে জনগণের বিজয় নিশ্চিত করার জন্য এই সকল ভয় জয় করতে হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী।



উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ, কামরাঙ্গীরচর পশ্চিম থানা আমির অধ্যাপক মুজিবুর রহমান, কলাবাগান পূর্ব থানা আমির জাহিনুর রহমান, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল, ধানমন্ডি থানা কর্মপরিষদ সদস্য মো. আনিসুজ্জামান প্রমুখ।