ঢাকা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব) মোহাম্মদ আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানিয়েছেন, ঋণখেলাপি হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় আব্দুল হকের বিরুদ্ধে ব্যাংক ঋণখেলাপির স্পষ্ট তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যাখ্যাকে গুরুত্ব দেয়নি। নির্বাচন আইনের বিধান অনুযায়ী, ঋণখেলাপি ব্যক্তি সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য নন। এই বিধান কার্যকর করে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আব্দুল হক কালবেলাকে বলেন, “একটি কোম্পানি অনেক আগে আমার পরিচয় ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। তারা ঋণ পরিশোধ না করায় আমাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি কোম্পানির সঙ্গে সমাধান করে বিষয়টি ঠিক করব এবং আপিল করব।”