ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মামুন আহমেদ, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য হিসেবে কর্মরত।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সাবেক ভিসি নিয়াজ আহমদ খান। একইভাবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার সকালে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ।
উল্লেখ্য, চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নিয়াজ আহমদ খান ও এস এম এ ফায়েজ যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসিতে নিয়োগ পেয়েছিলেন।
এ ছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক মাহমুদ আল ফরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ড. মো. মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি -এ অধ্যাপক নুরুল ইসলাম উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।





