ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান বলেছেন, দীর্ঘ সময় চলচ্চিত্রে কাজ করেও কখনো “সুপারস্টার” তকমা পাননি তিনি। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

একই সময়ের নায়ক সালমান শাহকে স্মরণ করে শাকিল খান বলেন, “আমরা যারা চলচ্চিত্রের মানুষ, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। সিনেমার ভেতরের মানুষরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিল। আমি নিজ চোখে দেখেছি, বিভিন্ন সমিতি ও পরিচালকরা তাকে বয়কট করেছিলেন। শেষে বলব, সত্যের বিচার একদিন হবেই, আইনই বলে দেবে তার সঙ্গে কী ঘটেছিল।”

নিজের কাজ ও বর্তমান চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমার কারণেই মানুষ আজও আমাকে চেনে। আমি এখনো এই মাধ্যমকে ভালোবাসি এবং সিনেমা করতে চাই। তবে সেটা হতে হবে সুস্থধারার মধ্যে। এখন ভালো সিনেমা হচ্ছে, কিন্তু একই প্রযোজকরা বারবার কাজ করছেন না।”

নব্বইয়ের দশকে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা বলেন, “এখন একটি ছবি হিট হলেই সুপারস্টার তকমা দেওয়া হয়। অথচ আমরা বছরের পর বছর কাজ করেছি, ‘এই মন তোমাকে দিলাম’-এর মতো হিট সিনেমা করেছি, তবু কেউ আমাদের সুপারস্টার বলেনি। দর্শকদের ভালোবাসাই ছিল আমাদের পুরস্কার।”