গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করা হলে দেশে আবার ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমি অতীতেও করেছি, ভবিষ্যতেও করব। তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা সরকার ভেঙে দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই।”

রাশেদ খান মনে করেন, এখন নতুন করে সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হবে। এতে বিভাজন তৈরি হবে, যার সুযোগ নিয়ে দেশে আবার অস্থিরতা নেমে আসতে পারে।

তিনি আরও বলেন, “এভাবে সরকার ভেঙে দিলে ড. ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেফতারের ঝুঁকি তৈরি হবে। অন্য অংশীদারদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হতে পারে।”

রাশেদ খান সতর্ক করে বলেন, “আমার মনে হচ্ছে, বিদেশি কোনো এজেন্সি গণঅভ্যুত্থানকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কাজ করছে, অথচ আমরা তা বুঝে উঠতে পারছি না।”

তার ভাষায়, “দেশ ও জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই এখন সবচেয়ে জরুরি। ড. ইউনূস যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের স্বপ্নও ব্যর্থ হয়ে যাবে।”