বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।


আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।