জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজ ও মাহমুদুল হাসন সৈকতসহ ৯ জন হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


\r\n

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


\r\n

আসামিদের মধ্যে আরও রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


\r\n

এ মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।


\r\n

রোববার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস হামলা চালায়।


\r\n

তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়, যা যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ হিসেবে গৃহীত হয়। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নির্বিচারে গুলিবর্ষণের ফলে ৯ জন নিহত এবং অসংখ্য ছাত্র-জনতা আহত হন। এ মামলায় ৫০ জন সাক্ষী সাক্ষ্য দেবেন।


\r\n

অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ২৯ জানুয়ারি তাদের হাজিরার দিন ধার্য করেন।