ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো এলাকা ‘ধানের শীষ’ ও ‘তারেক রহমান’ স্লোগানে মুখর হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হন। জনসভাস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে তিনি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জনসভা শেষে তারেক রহমানের দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে। দুপুরে মৌলভীবাজার ও হবিগঞ্জ, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ, সন্ধ্যায় নরসিংদী এবং রাতে নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে রাত ১০টার দিকে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
এর আগে বুধবার রাতে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে বিএনপির নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি মাজার জিয়ারতে যান।
মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে নিজ শ্বশুরবাড়িতে যান। দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়িতে সফরকালে রাতের খাবার শেষে বাইরে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট চান। ২০০৪ সালের পর এটিই তার প্রথম শ্বশুরবাড়ি সফর, যা ঘিরে স্থানীয়ভাবে ছিল ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি।





