বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশার নাম চূড়ান্ত করেছে বিএনপি। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থিতা নিশ্চিত করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়লাভ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একটি আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সর্বশেষ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী মো. আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন এবং ভোট পড়েছিল ৭১ দশমিক ৩ শতাংশ।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





