ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান


\r\n

নতুন মন্ত্রিসভা কেমন হবে, কারা জায়গা পাবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসন ও ব্যবসায়িক মহলেও জোর আলোচনা চলছে। দলীয় একাধিক সূত্র বলছে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মিত্র দলগুলোর শীর্ষ কয়েকজন নেতাকে নিয়ে জাতীয় সরকারের আদলে মন্ত্রিসভা গঠনের ভাবনাও রয়েছে। উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কয়েকজন তরুণ সংসদ সদস্যও সুযোগ পেতে পারেন।


\r\n

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দেখা যেতে পারে। ঢাকা-৮ আসনে জয় পাওয়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।


\r\n

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেতে পারেন। ড. আব্দুল মঈন খান-এর নাম শোনা যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য। আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে পররাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয়ে দেখা যেতে পারে।


\r\n

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আইন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকতে পারেন সালাহউদ্দিন আহমদ। আইন মন্ত্রণালয়ে আরও আলোচনায় আছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামাল।


\r\n

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে ডা. এ জেড এম জাহিদ হোসেন-কে। অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন ড. রেজা কিবরিয়া।


\r\n

টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আসতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কৃষিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন শামসুজ্জামান দুদু। শ্রমমন্ত্রী হিসেবে শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলনের নাম শোনা যাচ্ছে।


\r\n

নারী নেত্রীদের মধ্যেও কয়েকজনের নাম আলোচনায় আছে। শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে বলে আলোচনা চলছে।


\r\n

জোটের শরিকদের মধ্য থেকেও কয়েকজন নেতার নাম ঘুরছে। আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর ও জোনায়েদ সাকীর মতো নেতারা সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে।


\r\n

এ ছাড়া শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল ও ব্যারিস্টার মীর হেলালের নামও আলোচনায় রয়েছে।


\r\n

জাতীয় সংসদের স্পিকার পদেও আলোচনা শুরু হয়েছে। এ পদে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম শোনা যাচ্ছে।


\r\n

তবে দলীয়ভাবে এখনো চূড়ান্ত কোনো তালিকা প্রকাশ করা হয়নি। সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই আলোচনা পর্যায়েই রয়েছে।


সুত্র: এশিয়া পোষ্ট