ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার সদর উপজেলার আহরন্দ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।  

ড্যাব-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন ড্যাব-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ড্যাব-এর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. শামীউল হাসান বাবু, সহ সভাপতি গোলাম সারোয়ার বিদ্যুৎসহ অনেকে।  

সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ড্যাবের পক্ষ থেকে প্রতিমাসেই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচলনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার এ আয়োজন করা হয়। এখানে প্রায় ৩০ জন চিকিৎসক দেড় হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।সেই সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।