বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জয়ের পর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়।


দোয়া শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচনী এলাকার সমন্বয়ক রেজাউল করিম বাদশা বলেন, “আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। ২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা তার হাত ধরেই সম্ভব হয়েছে। তার অন্তরে বগুড়ার জন্য যে ভালোবাসা রয়েছে, তা বারবার প্রমাণিত হয়েছে।”


তিনি আরও যোগ করেন, “তারেক রহমান বগুড়ার সন্তান হিসেবে সবসময় এ জেলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশে বগুড়া যেন পিছিয়ে না থাকে, সেটিই আমাদের প্রধান প্রত্যাশা।”


বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বগুড়ার অন্যান্য ছয়টি আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।