সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
\r\nবুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা হস্তান্তর করেন জয়শঙ্কর।
\r\nএ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
\r\nএর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
\r\nখালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
\r\nবুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।
\r\nউল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।





