বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



দিনটি ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।


গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। বিএনপি নেতাদের দাবি, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।


প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান।


বিএনপির দাবি, ১/১১-পরবর্তী সময় এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শতাধিক মামলা দায়ের করা হয়। দলটির নেতারা বরাবরই এসব মামলাকে ভিত্তিহীন বলে উল্লেখ করে আসছেন এবং একে তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা বলে অভিযোগ করেছেন।


দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান ও আইনি প্রক্রিয়া শেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।