বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারও জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কোনো ধরনের কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আনুষ্ঠানিক উৎসব না করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীদের জানানো হয়েছে, এসব আয়োজনের পরিবর্তে যদি কেউ কিছু করতে চান, তবে সেই অর্থ দান করতে হবে।
শৈশবে তারেক রহমান পড়াশোনা করেছেন ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় তিনি কৃতিত্ব দেখান। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। পরে দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটিতে দায়িত্ব পালন করেন এবং খালেদা জিয়ার পাঁচ আসনে নির্বাচনী প্রচারণা সমন্বয় করেন। ওই আসনগুলোতে খালেদা জিয়ার বড় জয়ের পেছনে তার সংগঠক হিসেবে ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
দলীয় মহলে মনে করা হয়, তরুণ রাজনীতিক হিসেবে সেই সময় থেকেই তিনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা তৈরি করেছিলেন।





