বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনের সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





