জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

কবর জিয়ারতের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক মুহূর্ত। গণ-অভ্যুত্থানের পর এবং বিগত ১৬ বছর মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন নতুন নির্বাচন ও গণভোটের দিকে এগুচ্ছি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হলো।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অগ্নিপাতের স্থান। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এই এলাকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমরা ঢাকা-৮ আসন থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি।”

নাহিদ ইসলাম জাতীয় প্রধান শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ করে বলেন, “শেরেবাংলা জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে নতুন বন্দোবস্তের দিকে এগোচ্ছি।”

এরপর দলের নেতা-কর্মীরা ঢাকা-৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন এবং তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।