মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দিতে প্রস্তুত রয়েছে ইরান।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি তিনি অবগত আছেন এবং এ নিয়ে ইরান সরকারের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধের বিষয়ে তিনি ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
রাষ্ট্রদূত আরও বলেন, যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে ইরান তাদের নিরাপদে চলাচলের সুযোগ দেবে, যাতে বাংলাদেশের মানুষ কোনো সমস্যার সম্মুখীন না হয়।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে।
তবে সংঘাতের মধ্যেও কিছু দেশের তেলবাহী জাহাজকে সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।





