শীতের সময়ে খুশকির সমস্যা অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু কিংবা ওষুধ ব্যবহার করেও অনেক সময় ফল পাওয়া যায় না। বরং চুল রুক্ষ হয়ে যায়, স্ক্যাল্পও আরও শুকিয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম বদলে নারকেল তেল ব্যবহার করলে খুশকি দ্রুত কমতে পারে।

চুলের সমস্যা কমাতে ঘরোয়া কিছু উপায় তুলে ধরা হলো।

কারিপাতা-নারকেল তেলের মিশ্রণ :
একটি পাত্রে নারকেল তেল গরম করে তাতে কিছু কারিপাতা দিন। পাতাগুলো তেলে পুড়ে মিশে গেলে মিশ্রণ ছেঁকে নিন। সপ্তাহে দুইবার এই তেল চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন। আধঘণ্টা রেখে নরম শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকি কমবে এবং চুলও শক্ত হবে।

কারিপাতা-দইয়ের প্যাক :
কিছু কারিপাতা বেটে নিন। সেই বাটা দইয়ের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। হালকা হাতে ম্যাসাজ করে ২০ থেকে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই মাস্ক ব্যবহার করলে চুলের ঘনত্ব বাড়তে সাহায্য করবে।

নারকেল তেল ও লেবুর রস :
নারকেল তেলে টাটকা লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে খুশকি দ্রুত কমতে পারে। লেবুর অ্যান্টিফাঙ্গাল গুণ মাথার ত্বক পরিষ্কার রাখে, আর নারকেল তেল স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে।

শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার :
সাধারণ শ্যাম্পুর সঙ্গে কিছুটা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এটি স্ক্যাল্পের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে।

তবে দীর্ঘদিন ধরে খুশকি না কমলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করাও জরুরি।

সূত্র: টিভি৯ বাংলা