ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় রাজধানীর আকাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ৬০ জন উচ্চপদস্থ ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণটি ঘটে তেহরানের ইসলামশহর এলাকায়, যেখানে আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান নিক্ষেপ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সম্পর্কে ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

তেহরানের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এ এলাকাটি আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধকালে সেখানে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, \"বাতাসে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে ওই হুমকি প্রতিহত করা হয়েছে।\"

রকেট হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের একাধিক অঞ্চলে সাইরেন বাজানো হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কর্তৃপক্ষ দেশবাসীকে স্বরাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পারস্পরিক হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।