ইরানের রাজধানী তেহরানে একটি হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল—এমনটাই দাবি করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান এই তথ্য জানান। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই হামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
\r\nবিবৃতিতে জানানো হয়, এটি তেহরানে তৃতীয় হাসপাতাল, যেখানে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি বিস্তৃত স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ‘ইহুদিবাদী শত্রুরা’ হামলা চালিয়েছে বলে দাবি করেন মন্ত্রণালয়ের মুখপাত্র।
\r\nতিনি আরও বলেন, সাত দিনের টানা বিমান হামলায় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক কনভেনশন বারবার লঙ্ঘন করেছে। এ পর্যন্ত অন্তত ছয়টি গুরুতর লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
\r\nএদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান আরও শক্তিশালী জবাব দেবে। স্থায়ী শান্তির একমাত্র পথ হলো ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা।”
\r\nবর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান বলছে, প্রতিরোধ ও প্রতিশোধের পথেই চলবে তারা—যতক্ষণ না ইসরায়েল হামলা থামায়।





