বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের সফলতা অর্জনের জন্য শুধু পুস্তকভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ্যক্রমের বাইরের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা গড়ে তোলা জরুরি।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘একাডেমিক নিয়ম-রীতি ও র্যাগিং প্রতিরোধ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। সেমিনারটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান প্রশাসন ল্যাংগুয়েজ কোর্স, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, \"শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশও ভালো থাকবে। এই সেমিনার নবীনদের সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।\" র্যাগিং বা বৈষম্যের শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
\r\n




