দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ড থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলায় পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।


বাবর বলেন, \"দীর্ঘ সময় কারাভোগের পর নির্বাচনে অংশ নেওয়ার কথা কখনো ভাবিনি। এক বছর আগে ভাবতেও পারিনি যে নির্বাচনের মাঠে ফিরব। এটি সম্ভব হয়েছে মানুষের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।\" তিনি আরও বলেন, \"আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমার জীবনের বড় পাওয়া। আল্লাহর রহমত এবং জনগণের আস্থার কারণে আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি।\"


নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে জনসভায় অংশগ্রহণ করেন বাবর। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।