দীর্ঘ ৩২ বছর পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ ছাত্র সংসদের (ঢাকছাস) কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কলেজ প্রশাসনের এই পদক্ষেপে শিক্ষার্থীরা উৎসবের আমেজ প্রকাশ করেছেন।

কলেজ প্রশাসন জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ ছাত্র সংসদ ভবনের নীচতলার কার্যালয়টি ১৯৯৪ সালের পর থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় এই ভবন অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

সরাসরি দেখা গেছে, ছাত্র সংসদ কার্যালয়ের ভিতরে ময়লা ও আবর্জনার স্তূপ জমে রয়েছে। পুরনো ব্যবহারহীন কাগজপত্র, অগোছালো চেয়ার ও টেবিল পড়ে রয়েছে। কলেজের ঐতিহ্যবাহী এই ভবনটি বর্তমানে এক ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, “আমার জন্মের আগেই এখানে তালা দেওয়া হয়েছিল। আগে প্রশাসন হয়তো খুলেছিল, কিন্তু সেটা ছিল ময়লা জমানোর জন্য। ঢাকা কলেজ ছাত্র সংসদকে থার্ড পার্লামেন্ট বলা হয়। এখানে যে অবস্থা, সেটা দেখে মন খারাপ হয়। আমরা চাই, এই মাসের মধ্যে প্রশাসন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুক।”

আরেক শিক্ষার্থী বলেন, “৩২ বছর পর ছাত্র সংসদ ভবনের তালা খোলার মুহূর্ত আমাদের জন্য ঐতিহাসিক। ভবনের ভিতরের অবস্থা আগে কখনো দেখিনি, শুধু বাইরে থেকে দেখতাম। আজ ভেতরে এসে অনুভূতি সত্যিই অসাধারণ। আমরা চাই ভবিষ্যতে এই ভবন গণতান্ত্রিক চর্চা, সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার হোক।” শিক্ষার্থীরা দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবেন। এই কমিটি চলতি সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রকাশ এবং সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে গঠনতন্ত্র সংস্কারের কাজ সম্পন্ন করবে।

উল্লেখ্য, ১৯৩২-৩৩ শিক্ষাবর্ষে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন নুরুল হুদা। তখন সাধারণ সম্পাদক ছিল সর্বোচ্চ পদ। বর্তমানে সহ-সভাপতি বা ভিপি হল নির্বাচিত সর্বোচ্চ পদ। পরবর্তী সময়ে বিভিন্ন দশকে ছাত্র সংসদ গঠন ও নির্বাচন হয়ে থাকে। সর্বশেষ ১৯৯৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে হারুন-জাবেদ প্যানেল জয়ী হয়েছিলেন।