প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ অগাস্ট, প্রতিযোগিতার আবেদন গ্রহণ করা হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা হবে ঢাকা কেন্দ্রে।
প্রাথমিক বাছাই পর্বের ১৯টি অঞ্চল হল: ঢাকা-১ (ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ), ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী), ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর), ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা), ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও জামালপুর), সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ), রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি ও গাইবান্ধা), রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়), রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা), রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ)।
এছাড়া খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল), খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা), বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর), বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা), চট্টগ্রাম-১ (চট্টগ্রাম ও কক্সবাজার), চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া), চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) জেলাসমূহের শিল্পকলা অ্যাকাডেমি প্রতিযোগিতার প্রাথমিক ভেন্যু নির্ধারিত হয়েছে।
অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা হবে ৬ বছর থেকে ১১ বছরের মধ্যে। আর ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা আগামী ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে হবে।
এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো। সর্বশেষ আয়োজিত হয় ২০০৫ সালে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ প্রতিযোগিতা আর শুরু হয়নি।





